জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে ১৪টি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। আইনে সর্বোচ্চ দুই বছরের জন্য পর্ষদ বাতিল করা যায়। তবে সরকারের সঙ্গে পরামর্শ করে পুনর্গঠিত এসব ব্যাংকের ক্ষেত্রে সংশ্লিষ্ট ধারা থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দুই বছরের বেশি সময় থাকার ক্ষেত্রে এখন আইনি বাধা নেই।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক-কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ৪৭(২) ধারায় উল্লিখিত পরিচালনা পর্ষদ বাতিল আদেশের মেয়াদ-সংক্রান্ত বিধান সব ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য হবে না।
ব্যাংক কোম্পানি আইনের ৪৭(১) ধারার আলোকে বাংলাদেশ ব্যাংক যেকোনো ব্যাংকের আমানতকারীর স্বার্থ রক্ষায় পর্ষদ বাতিল করতে পারে।
এই ধারায় বলা আছে, ওই পর্ষদ বাতিলের মেয়াদ বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে বাড়াতে পারবে। তবে বর্ধিত মেয়াদ দুই বছরের বেশি হবে না।