৪৫ লাখের ব্যাগ, ২৭ লাখের ঘড়ি নিয়ে সংসদে কঙ্গনা

সংসদে যাওয়ার সাজেও তারকাদের ফ্যাশন যে আলাদা নজর কাড়ে, সেটিই যেন আবারও প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। ভারতের বর্ষাকালীন সংসদ অধিবেশনে সম্প্রতি হালকা নীল রঙের রেশমের শাড়ি পরে হাজির হয়েছিলেন তিনি। তবে শাড়ির চেয়ে বেশি আলোচনায় এসেছে তার হাতে থাকা বিলাসবহুল ব্যাগ ও হাতঘড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কঙ্গনার ব্যবহৃত হার্মেস বারকিন ব্যাগটির আনুমানিক দাম ৩৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার টাকা। টোগো চামড়ার তৈরি এই ব্যাগ বিলাসবহুল ফ্যাশন দুনিয়ার অন্যতম পরিচিত নাম।

কঙ্গনার এবারের সাজে এই ব্যাগের সঙ্গে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি ডায়ালের ঘড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ রুপি, বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ ২১ হাজার টাকা। ফলে শুধু ব্যাগ ও ঘড়ির দামই দাঁড়াচ্ছে প্রায় ৭২ লাখ ৫৭ হাজার টাকা। 

তবে এখানেই শেষ নয়। বর্ষার দিনে কঙ্গনার হাতে দেখা গেছে গুড আর্থের একটি ছাতাও। ছাতাটির দাম ৬ হাজার ১০০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯০০ টাকা। ছাতাটিতে ভারত মহাসাগর থেকে অনুপ্রাণিত নকশা এবং কাঠের হাতল রয়েছে। 

অর্থাৎ, কঙ্গনার ব্যবহৃত ব্যাগ, ঘড়ি ও ছাতার মোট আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ লাখ ৬৫ হাজার টাকা। অবশ্য এই হিসাবের মধ্যে তার শাড়ি, ব্লাউজ, জুতা কিংবা অন্যান্য অনুষঙ্গের দাম ধরা হয়নি।

এবারের সংসদীয় সাজে কঙ্গনা বেছে নিয়েছিলেন হালকা নীল রঙের এরি সিল্কের শাড়ি ও সাদা ব্লাউজ। পোশাক ছিল বেশ সাদামাটা, কিন্তু তার সঙ্গে বিলাসবহুল বারকিন ব্যাগ ও রোলেক্স ঘড়ির সমন্বয় পুরো সাজেই যোগ করেছে আলাদা ঝলক।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ফ্যাশনভিত্তিক সংবাদমাধ্যমেও কঙ্গনার এই সংসদীয় সাজ নিয়ে চলছে আলোচনা। সাধারণ শাড়ির সঙ্গে লাখ লাখ টাকার বিলাসী অনুষঙ্গ—এই বৈপরীত্যই মূলত তার এবারের লুককে দিয়েছে বাড়তি আকর্ষণ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *