কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এই টুর্নামেন্টের জন্য এইচপি দল পাঠায় বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইরফান শুক্কুরকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই দলে বেশ চমকই দেখা গেছে।
সম্প্রতি ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এসএম মেহরব। তবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বদলে গেছে নেতৃত্ব। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ইরফান শুক্কুর।
ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ও তরুণ প্রতিভাদের মিশেলে সাজানো হয়েছে এই এইচপি দল। স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের মধ্যে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া ২০২৩ সালের এশিয়ান গেমসে খেলা স্পিনার রকিবুল হাসানও রয়েছেন এই দলে।
আগামী ২১ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’। এই টুর্নামেন্টে বাংলাদেশ এইচপি দল ছাড়াও অংশ নেবে নিউজিল্যান্ড ‘এ’ দল, নেপাল জাতীয় দল এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরও ৬টি দল।
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর বেশ আগেই দেশ ছাড়ছে এইচপি দল। আগামী শুক্রবারই অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২২ আগস্ট বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেন্স একাডেমি, ২৪ আগস্ট ভিক্টোরিয়া সিএ একাদশ, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশ এইচপি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহেরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী, মৃত্যঞ্জয় চৌধুরি।