দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয় : ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আলোচনায় বসেন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হাইকমিশনার।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, সরকার আসবে যাবে মানুষ থাকবে। দুই দিকের মানুষের সম্পর্ক খুবই ভালো। আমার এবার দুই মাস হয়েছে এখানে। মানুষের যা আদর-প্রীতি, উষ্ণতা পেয়েছি আমি একদম ইমোশনাল হয়ে গেছি। বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এ সম্পর্কটা আমাদের গভার্মেন্টের লেভেল থেকে ভালো করতে হবে আর এটা আমাদের সবার দায়িত্ব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই সম্মান করি। আমি উনার বক্তব্য শুনেছি অনেকবার। তিনি আন্তরিকতার সঙ্গে কথা বলেন। তিনি জনবান্ধব ব্যক্তিত্ব এবং আমাদের প্রধানমন্ত্রীও জন-বান্ধব ব্যক্তিত্ব। আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমাধান তখনই সম্ভব যখন কথাবার্তা চালু থাকে। আমার পুরো আত্মবিশ্বাস আছে। মানুষ এক আছে এবং সমাধানটা হবেই। আমি খুবই আত্মবিশ্বাসী। এখানে কোনো নেগেটিভ জিনিস নেই, সব পজিটিভ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *