রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল পাস, চীন-ভারতে শতভাগ শুল্কের শঙ্কা

রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আনা একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ আইনসভা সিনেট। খবর, রয়টার্সের। 

শুক্রবার (৭ আগস্ট) ৮৬-১১ ভোটে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি পাস হয়। এরপর বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উঠবে।

প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা বিলটির লক্ষ্য ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারেরও বিধান রাখা হয়েছে এতে।

এদিকে, বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য শুল্কের আওতায় পড়তে পারে ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ।

তবে বিলটির শুল্কসংক্রান্ত ক্ষমতা নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিরোধিতা রয়েছে। কিছু আইনপ্রণেতা ও মার্কিন শিল্পখাতের আশঙ্কা, নতুন শুল্কের ক্ষমতা আমদানিকারক ও ভোক্তাদের খরচ বাড়াতে পারে। সিনেটে বিলটির বিপক্ষে ভোট দেন মাত্র একজন রিপাবলিকান। তিনি কেন্টাকির সিনেটর র‌্যান্ড পল। শুল্ককে মার্কিন ভোক্তাদের ওপর কর হিসেবে অভিহিত করেন তিনি।

রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। ফলে সিনেটে বড় ব্যবধানে পাস হলেও হাউসে বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আগামী ৩১ আগস্ট গ্রীষ্মকালীন ছুটি শেষে হাউস অব রিপ্রেজেন্টেটিভস অধিবেশনে ফিরলে বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সিনেটে বিলটির পক্ষে জোরালো দ্বিদলীয় সমর্থন হাউসে এটি পাসের ক্ষেত্রে গতি তৈরি করবে বলে মনে করছেন সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *