টিস্যু প্যাকেটে ১৭ লাখ টাকার স্বর্ণ

বেনাপোলে ভারতগামী এক যাত্রীর প্যান্টের পেছনের পকেটে থাকা মিনি ওয়ালেটে টিস্যু প্যাকেটের ভেতর থেকে ৫০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার পাওয়া গেছে। স্বর্ণবার দুইটির বাজার দর প্রায় ১৬ লাখ ৯৮ হাজার টাকা। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ আগস্ট সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলের বহির্গমন যাত্রী এলাকায় নজরদারিকালে ভারতগামী যাত্রী মো. মোবারক হোসেনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। 

জিজ্ঞাসাবাদে তিনি তার নিকট ৫০ গ্রাম ওজনের ২টি স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার প্যান্টের পেছনের পকেটে থাকা একটি মিনি ওয়ালেটে টিস্যু প্যাকেটের ভেতরে লুকানো স্বর্ণবার দুইটি পাওয়া যায়। 

স্বর্ণবার দুইটির মোট ওজন ১০০ গ্রাম। বাজার দর প্রায় ১৬ লাখ ৯৮ হাজার টাকা। পরবর্তীতে শরীরে অন্য কোনো স্বর্ণ বা ধাতব বস্তু লুকানো আছে কি না তা নিশ্চিত করতে এক্সে পরীক্ষা করা হলে অতিরিক্ত কিছু পাওয়া যায়নি। জব্দকৃত স্বর্ণবার কাস্টমস হাউস বেনাপোলের মূল্যবান শুল্ক গুদামে ও আসামিকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। 

বাংলাদেশ হতে ভারতে স্বর্ণবার পাচারের চেষ্টার অপরাধে কাস্টমস আইন, ২০২৩ ও অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় বেনাপোল পোর্ট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *