সাপ্তাহিক ছুটির দিনে স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে সাপ্তাহিক ছুটির দিনে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম তিন হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামও কমানো হয়েছে। 

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, আজ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৯ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় বেচাকেনা হয়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকায় বেচাকেনা হয়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকায় বেচাকেনা হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *