দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান চায় না সরকার : নাহিদ ইসলাম

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান হোক তা চায় না সরকার। তাই বারবার বিরোধীদলের ওপর হামলার ঘটনা ঘটছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে : অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

এর আগে গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে গণঅভ্যুত্থানে নিহত ৭ শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সিলেটে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা হয়। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।

এ ঘটনার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সংস্কার চায় না। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এনসিপির ওপর হামলা করছে।

এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দেন তিনি।

এদিকে আজ বিকেলে সিলেটের কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় পদযাত্রা ও সভা করার কথা রয়েছে এনসিপির।

এছাড়া আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) আরও তিন উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *