সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বেশি বেশি জুলাই বিপ্লবের চর্চা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ এর সম্পাদক ড. মাহমুদুর রহমান।
আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জুলাই নাট্যোৎসব, আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন ড. মাহমুদুর রহমান। মহানগর নাট্য সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, জুলাই শহীদদের বাংলাদেশের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বেশি বেশি জুলাই বিপ্লবের চর্চা হওয়া প্রয়োজন। চলচ্চিত্র-নাটক, সংগীত, কবিতা, গল্পের মাধ্যমে আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে শহীদ হয়েছে তার ইতিহাস তুলে ধরতে হবে। শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী সবার অবদান নিয়ে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জুলাই বিপ্লবকে জাগরুক রাখতে হবে।
মহানগর নাট্য সংসদের কার্যকরী সভাপতি মাহবুব মুকুললের সভাপতিত্বে এবং নাট্য নির্মাতা হুসনে মোবারকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অভিনেতা আব্দুল আজিজ, বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক দেলাওয়ার হোসাইন, কিডস ক্রিয়েশন অনলাইন টিভির সিইও শরীফ বায়েজিদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, জুলাই শহীদ সৈকতের বোন শ্রাবন্তি।
অনুষ্ঠানে ‘গারদের বন্দি’, ‘হাফেজ জুবায়ের’ এবং ‘৩৬ জুলাই’—শিরোনামের তিনটি নাটক মঞ্চস্থ করা হয় এবং সকাল থেকে আলোকচিত্র প্রদর্শনী হয়।