রাজধানীর উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে আরেক গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আবু সাঈদ। আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) গ্রেপ্তার দেখানোর দিন ধার্য করেছেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে আসামিরা অস্ত্র নিয়ে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি সড়কের ২ নম্বর রোডের মাথায় অবস্থানরত ছাত্র-জনতার ওপর গুলি চালায়। বাম হাতের কনুইয়ে গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাঈন বিল্লাহ সাব্বিরকে প্রথমে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তি করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ৪ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।
গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।