রমিজ হত্যা : সাবেক এমপি নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজধানীর তেজগাঁও থানায় করা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) মো. নজরুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৯ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম আসামিকে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরপরে বিচারক আসামিকে কারাগারে প্রেরণ করে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন।

গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ (২১) বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। ওই দিন কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের কাছে আসামিদের ছোড়া গুলি রূপের ডান চোখে লাগে। তাকে মৃত ভেবে আসামিরা রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে চলে যায়। পরে তার বন্ধুরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য কাঁঠালবাগানের পদ্মা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *