কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান থেকে বাঁচতে দুই যুবককে কামড়ে রক্তাক্ত করেও শেষ রক্ষা হয়নি এক গাঁজাসেবীর। গ্রেপ্তার হতে হয়েছে মো. মনজু আলম (৫৫) নামের ওই মাদককারবারিকে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চর খলিশাকুড়ি এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও বিজিবি। এ সময় মনজুর মালিকানায় থাকা ১৫ ফুট উচ্চতার একটি তাজা গাঁজা গাছ জব্দ করা হয়। পরিস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকে দেওয়ার চেষ্টা করেন। তখন মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা চালান। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবাদার মো. ফরিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।