সন্তানের প্রতি বাবা-মায়ের স্নেহ, ভালোবাসা ও গভীর আবেগকে উপজীব্য করে নতুন গান নিয়ে হাজির হয়েছেন ইসফাতারা রনি। ‘লক্ষ্মী সোনামণি’ শিরোনামের গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ শুভ।
গানটির মিউজিক ভিডিওতে রনির সঙ্গে মডেল হয়েছেন তার দুই সন্তান রিদওয়া কায়সার রুহা ও রাইয়ান কায়সার রুহান। ‘রনি’স টিউন’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন এ. কে. রানা।
সন্তানের হাসিমাখা মুখ, বাবা-মায়ের ভালোবাসা ও সন্তানকে ঘিরে তাদের হৃদয়ের গভীর অনুভূতির নানা মুহূর্ত ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে। গানের কথা ও সুরের সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিওতেও তৈরি হয়েছে আবেগঘন এক আবহ।
‘লক্ষ্মী সোনামণি’ প্রসঙ্গে ইসফাতারা রনি বলেন, “গানটির মূল শক্তি এর সহজ-সরল কথা ও আবেগপূর্ণ সুর। পরিবারে একটি শিশুর আগমন বাবা-মায়ের জীবনে যে অফুরন্ত আনন্দ নিয়ে আসে, সেই চিরচেনা অনুভূতিই এখানে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, সুর ও কথার এই মেলবন্ধন প্রতিটি বাবা-মা ও শ্রোতার মন ছুঁয়ে যাবে।”