জামালপুরের মেলান্দহে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ক্ষতিকর ভেজাল সরিষার তেল উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে একটি অয়েল মিল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা, মজুত করা বিপুল পরিমাণ ভেজাল তেল ধ্বংস এবং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মেলান্দহ পৌরসভার শাহজাতপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ঝটিকা অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা। অভিযানে মূল নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, শাহজাতপুর এলাকার ‘শশী অয়েল মিল’ নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কোনো ধরনের আইনি অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভুয়া মোড়কে ভোজ্য তেল বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তেলের মারাত্মক ভেজালের সত্যতা পাওয়া যায়। অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানার মালিক মো. আলিম উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং মজুত থাকা সমস্ত ভেজাল তেল স্পটে ধ্বংস করে কারখানা সিলগালা করা হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, প্রতিষ্ঠানটির ভোজ্য তেল উৎপাদনের কোনো বৈাধ অনুমোদন বা কাগজপত্র ছিল না। অভিযানে তেলে মারাত্মক ভেজালের প্রমাণ মেলে। প্রাথমিকভাবে অপরাধীকে এক মাসের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি হৃদরোগের চিকিৎসাসংক্রান্ত নথি উপস্থাপন করায় মানবিক বিবেচনায় কারাদণ্ড না দিয়ে জরিমানার পরিমাণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি থেকে পূর্বে সংগ্রহ করা তেলের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। কেমিক্যাল ল্যাবের প্রতিবেদনে সেখানে কোনো স্বীকৃত ভোজ্য তেলের উপাদানই পাওয়া যায়নি। সামান্য সরিষার তেলের সাথে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে তারা তা বাজারজাত করছিল, যা মানবস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। বৈধ অনুমোদন ও সঠিক কাগজপত্র ছাড়া কারখানাটির বিদ্যুৎ সংযোগ এবং উৎপাদন আর সচল করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।