তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বর্তমানে ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৩ টন খাদ্যশস্যের রেকর্ড মজুত আছে। তিনি জানান, সরকারি খাদ্য গুদামগুলোতে খাদ্যশস্যের এ মজুত দেশের ইতিহাসে সর্বোচ্চ, যা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বৈশ্বিক বাজার অস্থিরতায় বাংলাদেশের সক্ষমতাকে অধিকতর সুদৃঢ় করবে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গত এক সপ্তাহে সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, নির্ধারিত নিরাপদ খাদ্য মজুতের মানদণ্ড ১৩ লাখ ৫০ হাজার টনের তুলনায় বর্তমানে গুদামে প্রায় ১০ লাখ ৪৬ হাজার ৭৫৩ টন অতিরিক্ত খাদ্যশস্য সংরক্ষিত রয়েছে। গত ৩ মে থেকে শুরু হওয়া অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের সফল বাস্তবায়নের ফলেই এই রেকর্ড মজুত অর্জন সম্ভব হয়েছে। গত ২৬ জুলাই পর্যন্ত মোট চার লাখ ৭৩ হাজার ৫ টন ধান এবং ১০ লাখ ৭৮ হাজার ৮৩৬ টন চাল সংগ্রহ করা হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।
ব্রিফিংয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের ৮৬টি দেশের মধ্যে যে ১৭টি দেশকে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কস্তরে রাখা হয়েছে, বাংলাদেশ তার অন্যতম। বিপরীতে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের আওতায় পড়ায় তৈরি পোশাক ও রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও মজবুত হবে। এছাড়া আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩ দমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্য দেওয়ার সময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ ও ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণা দেওয়া হয়।
তথ্য উপদেষ্টা জানান, সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে ফিফা বিশ্বকাপ ২০২৬ সফলভাবে সম্প্রচারের মাধ্যমে সরকারের জন্য বড় অঙ্কের মুনাফা অর্জনের লক্ষ্য সফল হয়েছে। অন্যদিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপদেষ্টা ডা. জাহেদ আরও জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনাল এ কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে সিএনজি ও শিল্প খাতে সাময়িক চাপ সৃষ্টি হলেও তা মেরামতে কাজ চলছে। পাশাপাশি বেগমগঞ্জ ও সুনামগঞ্জে নতুন তিনটি কূপ খনন এবং সমুদ্র ও স্থলভাগে নতুন গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বানের কাজ চলমান রয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়েছে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত পরিবারের মাসিক সম্মানি ভাতাসহ চিকিৎসা ও উৎসব ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে সরকার; যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। পাশাপাশি সারা দেশে কৃষকদের ডেটাবেজ তৈরি করে ৫০৩টি ব্লকে ‘কৃষক কার্ড’ পাইলটিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
তথ্য উপদেষ্টা জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ৪৪০ কোটি টাকার বেশি স্বল্পসুদে (৮ থেকে ৯ শতাংশ) ঋণ বিতরণের লক্ষ্যে ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।