ফাইনাল হারের পর প্রথমবার প্রকাশ্যে মেসি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারার পর যেন উধাও হয়ে যান লিওনেল মেসি। সতীর্থদের কেউ ক্লাব ফুটবলে, কেউ ছুটিতে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সরব উপস্থিতি দেখা যায়। কিন্তু, মেসি ছিলেন আড়ালে। এ নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল নানা জল্পনা। প্রায় এক সপ্তাহ পর সেই অপেক্ষার অবসান হলো।

ফাইনালের পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেছে আর্জেন্টাইন অধিনায়ককে। নিজ শহর রোজারিওর কাছের আরয়ো সেকোতে পারিবারিক ক্লাব লিওনেস দে রোজারিও এফসির একটি ম্যাচ দেখতে হাজির হন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো হুডি ও ক্যাপ পরে স্টেডিয়ামের একটি বারান্দা থেকে খেলা উপভোগ করছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তাকে দেখে দর্শকেরা নাম ধরে স্লোগান দিলে মেসি হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। একই দিন রোজারিওর রাস্তায় সন্তানদের সঙ্গে হাঁটতেও দেখা যায় তাকে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত লিওনেস দে রোজারিও এফসি মেসি পরিবারেরই ক্লাব। এর সভাপতি তার বড় ভাই মাতিয়াস মেসি। বর্তমানে দলটি আর্জেন্টিনার চতুর্থ স্তরের লিগে খেলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার রেডিও স্টেশন ‘কাদেনা ৩ রোজারিও’ মেসির স্টেডিয়ামে উপস্থিতির ভিডিও প্রকাশ করে জানায়, মেসি সেখানে উপস্থিত হয়ে তাদের একটি বিশেষ বার্তাও দিয়েছেন। তবে মেসির উপস্থিতির দিনে জিততে পারেনি লিওনেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *