রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত : নিহত বেড়ে ২, তদন্ত কমিটি

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে উঠে যাত্রীবাহী বাস, মাহিন্দ্র ও ইজিবাইককে চাপা দেওয়ায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খানখানাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার মনোয়ার এবং বালিয়াকান্দি উপজেলার আব্দুল মালেক। তারা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, ফরিদপুরের আমিরাবাদ থেকে ২৬টি তেলবাহী বগি (ওয়াগন) নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি খানখানাপুর রেলগেট এলাকায় এসে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিয়ন্ত্রণ হারানো বগিগুলো সড়কে উঠে পড়লে ওই সময় ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী অপর্ণা পরিবহণের একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্র ও একটি ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের যাত্রী মনোয়ার ও থ্রি-হুইলারের যাত্রী আব্দুল মালেক মারা যান।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ডা. মো. শাকিল আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *