রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের ছয় বগি লাইনচ্যুত, ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে উঠে একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্র ও একটি ইজিবাইককে চাপা দিলে মনোয়ার নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, আমিরাবাদ থেকে ২৬টি তেলবাহী বগি নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি খানখানাপুর রেলগেট এলাকায় এসে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিয়ন্ত্রণহীন বগিগুলো সড়কে উঠে পড়লে ওই সময় ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী অপর্ণা পরিবহণের একটি বাস, একটি মাহিন্দ্র ও একটি ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে।

খবর পেয়ে আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ইজিবাইকের যাত্রী মনোয়ার মারা যান। আহত অন্য তিনজনের চিকিৎসা চলছে।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ার নামে এক ইজিবাইক যাত্রী মারা যান।

দুর্ঘটনার কারণে প্রায় ৪৫ মিনিট ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *