ময়মনসিংহের হালুয়াঘাটে হত্যাচেষ্টার মামলায় গেজেটভুক্ত ‘সি’ ক্যাটাগরির জুলাইযোদ্ধা ওয়াসেল আহমেদ আজহারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়ানোকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করায় এ মামলা করা হয়।
আজ সোমবার (২৭ জুলাই) হালুয়াঘাট থানা পুলিশ গ্রেপ্তার করা আজহারকে আদালতের মাধ্যমে ময়মনসিংহের কারাগারে পাঠায়। এর আগে গতকাল রোববার রাতে উপজেলার ধুরাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের মৃত সমর আলীর ছেলে মো. লিটন মিয়ার ইয়াবা সেবনের একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি উত্তর ধুরাইল এলাকার মৃত আবু আসাদের ছেলে মো. এমদাদুল হক মুকুল ছড়িয়েছেন—এমন সন্দেহে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ এবং তাকে বিভিন্ন হুমকি দিতে থাকে।
এরই জেরে গত ১৫ জুলাই রাত সাড়ে ১২টায় ফুটবল খেলা দেখতে ধুরাইল বাজারের একটি দোকানে গেলে মুকুলের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আহত মুকুলের ছোট ভাই মো. রোকন মিয়া বাদী হয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলায় ওয়াসেল আহমেদ আজহার এজাহারনামীয় আসামি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘হত্যাচেষ্টার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াসেল আহমেদ আজহারকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।’