গ্যাস সংকটে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি শুরু হবে। তবে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
সরকারের পক্ষ থেকে গ্যাস সংকট পরিস্থিতি উত্তরণে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি বাসা-বাড়িতে মা-বোনেরা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিগুলো তাদের প্রোডাকশন কম্প্রোমাইজড হয়েছে। সিএনজি স্টেশনগুলোতে চাপ আসার কারণে গণপরিবহনের ক্ষেত্রে ইয়ে হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে।
তিনি বলেন, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু স্টিল তারা দেশের এই সাপ্লাইটা এনসিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার দুঃখ প্রকাশ করছি। কিন্তু একেবারে ২৪/৭ আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম, আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
প্রতিমন্ত্রী আরও বলেন, (ত্রুটি দেখা দেওয়া ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ থেকে) টোটাল সাপ্লাইটা ৫০০-৫৫০ মতো, আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে ২৮০-৩০০ তারা ন্যাশনাল গ্রিডে, অর্থাৎ ২৮০-৩০০ মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিতে সমর্থ হবে। এটা তাদের স্টেটমেন্ট অনুযায়ী বলছি। এটা আমাদের না, মানে তাদের তথ্যের ভিত্তিতে।
অনিন্দ্য ইসলাম বলেন, আগামী সপ্তাহে ৫০ শতাংশ সরবরাহ চালু করতে পারলে পরের সপ্তাহে ১০০ শতাংশ করতে পারবে। এটাই এখন পর্যন্ত প্ল্যানিং আছে।
এসএন/পিডিকে