পুরো সিনেমা অনলাইনে, তবুও বক্স অফিসে বিজয়ের ঝড়—৩ দিনেই ১৭২ কোটি

মুক্তির আগেই পাইরেসির শিকার হয়েছিল থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’। তবে সেই ধাক্কা সামলেও প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হয়েছে এই রাজনৈতিক অ্যাকশন-থ্রিলার। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৭২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। 

২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় এইচ. বিনোথ পরিচালিত সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ভারতে প্রায় ৪২ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে শক্তিশালী সূচনা করে ‘জন নায়গন’। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও সপ্তাহান্তে দর্শকের উপস্থিতি বাড়ায় শনিবার, তৃতীয় দিনে, সিনেমাটির আয় আবারও ঊর্ধ্বমুখী হয়।

টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে, তৃতীয় দিনে সিনেমাটি ভারতে প্রায় ২৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে বলে বিভিন্ন বক্স অফিস প্রতিবেদনে জানানো হয়েছে। তিন দিনে ভারতের নেট আয় ৯২ কোটি রুপি ছাড়িয়েছে। একই সময়ে ভারতীয় গ্রস আয় ১০৮ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে। 

ভারতের বাইরেও ভালো ব্যবসা করছে ‘জন নায়গন’। সব মিলিয়ে তিন দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় প্রায় ১৭২ কোটি রুপি। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ২০০ কোটি রুপির ঘরে প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে প্রেক্ষাগৃহে আসার অনেক আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছিল সিনেমাটি। ৯ এপ্রিল ‘জন নায়গন’-এর প্রায় পাঁচ মিনিটের ফুটেজ অনলাইনে ফাঁস হয়ে যায়। পরে ১০ এপ্রিলের মধ্যে পুরো সিনেমার এইচডি সংস্করণও পাইরেসি সাইটে ছড়িয়ে পড়ার খবর আসে। ঘটনাটি নিয়ে তামিলনাড়ু পুলিশের সাইবার অপরাধ শাখা তদন্ত শুরু করে এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পাইরেসির পাশাপাশি সেন্সর ছাড়পত্র নিয়েও দীর্ঘ জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে সিনেমাটিকে। মূলত পঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে সেটি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ২৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জন নায়গন’। 

বিজয়ের ক্যারিয়ারে ‘জন নায়গন’ বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার আগে এটিই তার শেষ সিনেমা। ফলে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। পাইরেসি ও দীর্ঘ মুক্তি-জটিলতার পরও সেই আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিসে। 

এইচ. বিনোথ পরিচালিত সিনেমাটিতে বিজয় অভিনয় করেছেন ভেত্রি কন্দন চরিত্রে। গল্পে তিনি একজন সৎ সাবেক পুলিশ কর্মকর্তা, যিনি এক বন্ধুর মৃত্যুর পর তার মেয়ের দায়িত্ব নেন। এরপর রাজনীতি, ক্ষমতার লড়াই ও অ্যাকশনের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *