নেত্রকোনা বাস মালিক সমিতি ও বাস সার্ভিস কর্তৃপক্ষের দ্বন্দ্বে রফরফ বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজ রোববার (২৬ জুলাই) সকাল থেকে রফরফ সার্ভিসের বাস চলাচল বন্ধ রয়েছে।
নেত্রকোনা টু ঢাকা চলাচলকারী বাস সার্ভিস রফরফ প্রাইভেট লিমিটেডের পরিচালক শামসুল আলম মারুফ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বাস মালিক সমিতির নেতারা আজ রোববার সকালে আমাদের কাউন্টারের সামনে দাঁড়ানো একটি বাস চলাচল বন্ধ করে দিয়ে তাদের পছন্দসই ভাটী বাংলা পরিবহণের একটি বাস ছাড়ে। এ নিয়ে বাস মালিক সমিতি ও রফরফ বাস সার্ভিস কর্তৃপক্ষের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়।
শামসুল আলম মারুফের দাবি, বাস মালিক সমিতির নেতারা জনপ্রিয় বাস সার্ভিস রফরফ প্রাইভেট লিমিটেডের বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এ ঘটনায় রফরফ বাস সার্ভিসের সামনে দাঁড়ানো বেশ কয়েক জন যাত্রী চরম ক্ষোভ প্রকাশ করে জানান, রফরফ বাস সার্ভিস ভালো হওয়ায় তারা নিয়মিত এ সার্ভিস দিয়ে চলাচল করেন। এ সার্ভিসটি বন্ধ থাকায় তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়নর সভাপতি আব্দুল জলিল বলেন, রফরফ বাস সার্ভিস বন্ধ করা হয়নি। তারা নিজেরাই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান খান খসরু বলেন, বাস মালিক সমিতির সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করে তাদের ইচ্ছেমতো বাস পরিচালনা করছে। আমরা বার বার তাদের বসে সমন্বয় করার আহ্বান করেছি। তারা নিজেরাই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। যাত্রী হয়রানি কথা চিন্তা করে অন্যান্য বাসে করে যাত্রী পাঠাচ্ছি।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি মারফত নেত্রকোনা আন্তজেলা সড়ক পরিবহণ বাস মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক নেত্রকোনা টু ঢাকা রোডে গাড়ি চলাচলে কোনো ধরনের সাংগঠনিক বিষয়াদি থাকলে আলোচনা সভার মাধ্যমে তা মীমাংসার নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি, উভয় পক্ষকে নিয়ে বসে সমস্যার দ্রুত সমাধান করা হবে।