গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে চালককে জিম্মি ও মারধর করে ছিনতাইয়ের সময় চক্রের তিন সদস্যকে রামদা ও ধারালো ছোরাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুইশুর ইউনিয়নের দেবাশুর পটুর বাজার এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা। এ ঘটনায় শনিবার (২৫ জুলাই) রাতে ইজিবাইক চালক সুবীর বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুজন শেখ (২৭), গোপালগঞ্জ সদর উপজেলার বায়জিদ শেখ (২৩) ও মাদারীপুরের রাজৈর উপজেলার রাজিব শেখ (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই তিন যুবক গোপালগঞ্জ সদরের গান্ধিয়াশুর বাজার থেকে ওড়াকান্দি কবিরাজ বাড়িতে যাওয়ার কথা বলে সুবীর বিশ্বাসের ইজিবাইক ভাড়া করেন। কবিরাজের স্থান পরিদর্শন শেষে ফেরার পথে দেবাশুর এলাকার একটি নির্জন স্থানে প্রস্রাব করার অজুহাতে ইজিবাইকটি থামাতে বলেন তারা।
যানবাহনটি থামামাত্রই তিন যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালককে মারধর ও জিম্মি করে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। চালকের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তিনজনকে হাতেনাতে ধরে ফেলেন এবং উদ্ধার করেন দুটি ধারালো ছোরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেপ্তার করে রামদিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছিনতাই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।