লুঙ্গি ও গামছা পেঁচিয়ে ‘কৃষক’ সেজে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ। গতকাল শনিবার (২৫ জুলাই) বিকেলে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম সুশীল (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ার পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানার একটি মাদক মামলায় আদালত আসামি সুশীলকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই সাজা এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশ জানতে পারে, সুশীল বর্তমানে নিয়ামতপুর এলাকার একটি ফসলি মাঠে কাজ করছেন। তথ্যটি নিশ্চিত হওয়ার পর এএসআই ফরহাদ ছদ্মবেশে কৃষকের রূপ ধারণ করে মাঠে নামেন এবং কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুশীল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। এএসআই ফরহাদ কৃষকের ছদ্মবেশে নওগাঁর নিয়ামতপুর থেকে অত্যন্ত দক্ষতার সাথে তাকে গ্রেপ্তার করেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।