৮ বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ টুর্নামেন্ট। চলতি বছরের ৪ থেকে ১৭ নভেম্বর পল্টনের জাতীয় স্টেডিয়ামে হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। মর্যাদার এই লড়াইয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ।
সর্বশেষ ২০০৩ সালে সাফের মুকুট জিতেছিল বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে বাংলাদেশ দল কাঙ্ক্ষিত সেই শিরোপা জিততে পারে কি না সেটিই দেখার অপেক্ষা। ডুলি অবশ্য সাফ জেতার চেয়েও হামজা-জামালদের খেলার মানসিকতায় পরিবর্তন দেখতে চান।
ঢাকায় আজ শনিবার হয়ে গেছে ১৫তম সাফের লোগো উন্মোচন। সেখানেই বাংলাদেশ কোচ বলেছেন, ‘খেলোয়াড় এবং কোচদের জন্য এটি একটি রোমাঞ্চকর ব্যাপার…। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টুর্নামেন্ট, শুধু প্রীতি ম্যাচ নয়। টুর্নামেন্টের অন্য যেকোনো কিছুর চেয়ে বড় অর্থ রয়েছে এবং আমাদের একে অপরের সঙ্গে কাজ করার এবং একে অপরকে জানার খুব বেশি সময় ছিল না, বিশেষ করে মাঠে। তাই এটা কিছুটা চ্যালেঞ্জিং।’
সাফে বাংলাদেশের সবচেয়ে বড় বা প্রধান প্রতিপক্ষ ভারত। নেপালও শক্তিশালী। এ নিয়ে কোচ বলেছেন, ‘আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি বা ইংল্যান্ড বা এমন কোনো দলের বিপক্ষে খেলছি না, আমরা আমাদের প্রতিবেশী দলগুলোর বিপক্ষে খেলছি। যারা ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের থেকে একটু পিছিয়ে আছে বা র্যাঙ্কিংয়ে আমাদের থেকে একটু এগিয়ে আছে। মাঠে নামার সময় আমাদের কী ধরনের মানসিকতা থাকে তা খুবই গুরুত্বপূর্ণ।’
এসএন/পিডিকে