বাগেরহাটে দুর্বত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত নামে একজন আইনজীবী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আইনজীবী বাগেরহাট সদর উপজেলার পশ্চিমবাগ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো চেম্বারে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার মোটরসাইকেল গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। হামলার চেষ্টা করলে তিনি পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গের সামনে জড়ো হন আইনজীবী নেতৃবৃন্দ। তারা নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
তরুণ আইনজীবী নিজাম উদ্দিন শান্ত একমাস আগে দুর্ঘটনায় বাবাকে হারান। এর আগে হারান মা ও স্ত্রীকে। তার দ্বিতীয় স্ত্রী ও তিনটি মেয়ে সন্তান রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়েছে। এছাড়া পুলিশ শহরের বিভিন্ন স্থানে তাল্লাশি অভিযান জোরদার করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।