রাষ্ট্রপতি পলিটিক্যাল, ননপলিটিক্যালও হতে পারেন : নিলুফার চৌধুরী মনি

বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, রাষ্ট্রপতি উনার অসুস্থজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, এখানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নেই। সেই জায়গায় আইনত আরেকজনকে রাষ্ট্রপতি সিলেকশন করার আগ পর্যন্ত মাননীয় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন। একজন রাষ্ট্রপতিকে যেভাবে যে আইনে সিলেক্ট করা হয়, সে আইনে সিলেক্ট করে তাকে রাষ্ট্রপতি পদে দিবেন—এটাই আমরা সরকারের কাছে আশা করি।

আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের বকুলতলা মোড়ে জেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংরক্ষিত নারী আসনের এ সংসদ সদস্য এসব কথা বলেন।

সংরক্ষিত নারী আসনের এ সংসদ সদস্য আরও বলেন, এখন পর্যন্ত সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন। সেটা পলিটিক্যাল হতে পারেন, সেটা ননপলিটিক্যালও হতে পারেন। সেটা রাষ্ট্র, রাষ্ট্রীয় যন্ত্র, সরকার, সরকারের যন্ত্র ঠিক করবে।

আলোচনা সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সুবাহানের সভাপত্বিতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিক প্রমুখ বক্তব্য দেন।

এর আগে শহরের গেটপাড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *