বিদায়ের পথে রোনালদো

পর্তুগালের হয়ে অজস্র সাফল্যের গল্প লেখা ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন এই পর্তুগিজ মহাতারকা।

গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচটিই হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক উপস্থিতি। দীর্ঘদিন ধরে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। এবার সেই আলোচনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

রোনালদোর সম্ভাব্য বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলও প্রবেশ করবে নতুন এক যুগে। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। দায়িত্ব নেওয়ার পরই তিনি জানিয়েছেন, দলে হঠাৎ বড় ধরনের পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই তার।

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলে রোনালদো রেখে যাবেন এক অনন্য উত্তরাধিকার। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২৩৩টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বাধিক গোলের রেকর্ডও তার দখলে।

দলগত অর্জনেও সমান উজ্জ্বল রোনালদো। তার নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *