প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখা এবং জনস্বার্থ বিবেচনায় সরকারের পূর্বে জারি করা আদেশের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে।

এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশের মেয়াদ ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ওই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, দেশের সব বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়সীমা বৃদ্ধি পাওয়ায় বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশি, যারা নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।

এর ফলে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে এবং বৈধ ভ্রমণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তারা উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *