নিউইয়র্কে কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

অভিনয়ের পাশাপাশি গানেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিভিন্ন সময় আড্ডা, মঞ্চ ও বিশেষ আয়োজনে গিটার হাতে গান গেয়ে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একক কনসার্ট নিয়ে মঞ্চে উঠতে যাচ্ছেন এই অভিনেতা।

‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে। প্রায় দুই ঘণ্টার এই আয়োজনে নিজের পছন্দের গানগুলো পরিবেশন করবেন অপূর্ব। কনসার্টের ভেন্যু ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে আয়োজকদের পক্ষ থেকে।

জিয়াউল ফারুক অপূর্ব

কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্রে অপূর্বর এই কনসার্ট নিয়ে আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক পোস্ট ছড়িয়ে পড়লেও এতদিন বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানাননি তিনি। পরে নিজেই সামাজিকমাধ্যমে কনসার্টের খবর নিশ্চিত করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে প্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর বছরের বড় একটি সময় সেখানে কাটান তিনি। তার স্ত্রী ও কন্যাও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

তবে প্রবাসে থাকলেও অভিনয় থেকে দূরে নেই অপূর্ব। দেশে ফিরলেই নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সর্বশেষ সালেহ সোবহান অনীম পরিচালিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে প্রশংসা পান এই অভিনেতা। দুই বছর পর ওটিটিতে তার এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে সাড়া ফেলে।

জিয়াউল ফারুক অপূর্ব

এদিকে জানা গেছে, দেশে ফিরেই জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গোলাম মামুন ২’-এর শুটিং শুরু করবেন অপূর্ব। তানিম রহমান অংশুর পরিচালনায় নির্মিত নতুন কিস্তিতেও পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে দেখা যাবে তাকে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *