রাজধানীর খিলগাঁওয়ে পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে চাকায় কাটা পড়ে তন্ময় বর্মন (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই তমাল জানান, চাকরির পরীক্ষার কোচিং করার উদ্দেশে সকালে গাজীপুরের বাসা থেকে ঢাকায় আসেন তন্ময়। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামার সময় অসাবধানতাবসত পিছলে পড়ে তার পা ট্রেনের চাকায় পিষ্ট হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলেলে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, তাদের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকায়। তাপস বর্মনের ছেলে তন্ময়।
এবিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।