ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মটরিচ

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই বলে জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য অনুকূল এবং কোনো ধরনের সামরিক অভিযানে নিজেদের যুক্ত করার প্রয়োজন দেখছে না দেশটি।

মঙ্গলবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

মধ্য ইসরায়েলের ইয়াদ বিনিয়ামিনে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্মটরিচ এসব কথা বলেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তার বক্তব্য প্রকাশ করা হয়েছে।

স্মটরিচ বলেন, “এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের এই অভিযানে যোগ দেওয়ার কোনো আগ্রহ নেই। বর্তমান পরিস্থিতি আমাদের জন্য ভালো এবং এতে নিজেদের জড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।”

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইসরায়েল কোনো নতুন সামরিক পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।

ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত বেজালেল স্মটরিচ বর্তমানে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময় তিনি নিরাপত্তা ও আঞ্চলিক ইস্যুতে কঠোর অবস্থানের জন্য আলোচিত হয়েছেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *