নিউজার্সির রাতটা লিওনেল মেসির জন্য ছিল নীরব যন্ত্রণার! শেষ বাঁশি বাজতেই স্পেনের ফুটবলাররা যখন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার উল্লাসে মেতে ওঠেন, তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে অন্য এক দৃশ্য। আর্জেন্টিনার অধিনায়কের চোখে জল। দীর্ঘ পথ পেরিয়ে আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন ঠিক শেষ ধাপেই থেমে যায়। সেই নীরবতার পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করলেন মেসি।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া বার্তায় শিরোপা হারানোর বেদনা লুকাননি আর্জেন্টাইন অধিনায়ক। তিনি লিখেছেন, ‘ফাইনাল হারের কষ্টটা অনেক বেশি। ক্ষত শুকাতে অনেক সময় লাগবে।’টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। গ্রুপ পর্বে টানা তিন জয়, এরপর নকআউটে একের পর এক বাধা পেরিয়ে ফাইনালে ওঠা-সব মিলিয়ে শিরোপার স্বপ্নটা ছিল বাস্তবের খুব কাছেই। বিশেষ করে শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন দলটির মানসিক দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর সেই ধারার ইতি ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই। অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় লিওনেল স্কালোনির দলের!
তবে হতাশার মধ্যেও ইতিবাচক দিকগুলো মনে রাখতে চাইছেন মেসি। সতীর্থদের লড়াই, দলের প্রত্যাবর্তনের মানসিকতা এবং সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘ভালো লাগার বিষয়গুলোকে আমি ধারণ করছি। মাঠে নিজেদের উজাড় করে দিয়েছি। অনেক ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি। পুরো দেশের সমর্থন পেয়েছি। বিশ্বের সেরা দল হিসেবে আমরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি। স্মৃতিতে এগুলো অম্লান থাকবে।’
কাতার বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সদস্য এবারও ছিলেন আর্জেন্টিনার স্কোয়াডে। মেসির পাশাপাশি রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তালিয়াফিকো ও গনসালো মন্তিয়েল আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি।
ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য উজ্জ্বল ছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে তার পা থেকে এসেছে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট। দলের অন্য ১৯ গোল করেছেন এনসো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেস, জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেস, লিসান্দ্রো মার্তিনেস ও ক্রিস্তিয়ান রোমেরো।
অধিনায়কের এই বেদনা ছুঁয়ে গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকেও। মেসিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আমাদের পতাকাকে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় তুলে ধরতে পেরেছ বলে তোমাকে ধন্যবাদ। লিও তুমি অমর হয়ে থাকবে। তুমি আমাদের মহানায়ক। তোমাকে চিরকাল ভালোবাসবেন এদেশের সমর্থকেরা।’
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা আরেকটি ধাক্কাও খেয়েছে। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান হারিয়ে দুইয়ে নেমে গেছে স্কালোনির দল। নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন উঠে এসেছে শীর্ষে। আর এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে অবস্থান নিয়েছে ব্রাজিল।
ট্রফি এবার অধরা থেকে গেছে। কিন্তু মেসির কথায় স্পষ্ট, পরাজয়ের আঘাত যত গভীরই হোক, এই দলের লড়াই, প্রত্যাবর্তন আর সমর্থকদের ভালোবাসার স্মৃতি তাঁর কাছে সমান মূল্যবান হয়েই থাকবে!
এসএন/পিডিকে