মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং মার্কিন সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে বিনিয়োগকারীদের চুলচেরা বিশ্লেষণের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। একদিকে সংঘাতের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কা—এই দুই বিপরীতমুখী পরিস্থিতির কারণে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত এই ধাতুর বাজারে সামান্য পরিবর্তন ঘটলেও বড় কোনো উত্থান-পতন দেখা যায়নি। খবর রয়টার্সের।
আজ সোমবার (২০ জুলাই) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক এক শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ১১ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার শূন্য দশমিক এক শতাংশ কমে চার হাজার ১৫ দশমিক ৮০ ডলারে নেমেছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন আগামী ডিসেম্বরে মার্কিন সুদের হার বৃদ্ধির ৮৩ শতাংশ সম্ভাবনা দেখছেন, যা গত সপ্তাহে ছিল ৭৩ শতাংশ। বিশ্লেষক মেগার মনে করেন, ফেড ব্যালেন্স শিট সমন্বয়ের মাধ্যমে এই বছরের অনেক পরে সুদের হার বাড়াতে পারে, যা পরবর্তী সময়ে স্বর্ণের বাজারকে কিছুটা সমর্থন জোগাবে এবং ডলারের ওপর চাপ সৃষ্টি করবে।
স্বর্ণের দাম স্থিতিশীল থাকলেও আন্তর্জাতিক বাজারে আজ স্পট সিলভারের (রুপা) দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৬ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে এক হাজার ৫৮৬ দশমিক ২১ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে এক হাজার ২৬২ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে।