ইয়াবাসহ গ্রেফতারের পর এনসিপি নেতাকে বহিষ্কার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল খানকে (২৬) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব চৌধুরী রাহাত ইবনে শহীদের যৌথ সিদ্ধান্তে শাকিল খানের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শাকিল খান দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এ কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণকে তার সঙ্গে দলের নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রোববার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে শাকিল খানকে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

শাকিল খান উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের মো. নূর মোহাম্মদ আলীর ছেলে।

এবিষয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে শাকিল খানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *