বার্সোলোনায় একসঙ্গে সবকিছু জিতেছেন মেসি ও ইনিয়েস্তা। ছবি : এএফপি
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে স্পেন দলকে সতর্ক করেছেন দেশটির কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে মেসিকে পুরোপুরি থামানো প্রায় অসম্ভব, তাই তাকে আটকানোর চেয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়াই হবে স্পেনের জন্য সবচেয়ে কার্যকর কৌশল। এক সাক্ষাৎকারে ২০১০ বিশ্বকাপজয়ী এই তারকা জানান, ফাইনালের মতো বড় ম্যাচে মেসির মতো খেলোয়াড়কে এককভাবে সামাল দেওয়া সম্ভব নয়।
ইনিয়েস্তা বলেন, ‘মেসিকে পুরোপুরি থামানো অসম্ভব। আসল বিষয় হচ্ছে, স্পেন নিজেদের খেলায় আর্জেন্টিনাকে কতটা চাপে ফেলতে পারে, সুযোগ তৈরি করতে পারে এবং সেই সুযোগগুলো কাজে লাগাতে পারে।’
দুর্দান্ত ফর্মে থাকা মেসির প্রশংসাও করে এই মিডফিল্ডার বলেন, ‘তাকে বর্ণনা করার মতো শব্দ নেই। তার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং প্রতিটি ম্যাচে তার পারফরম্যান্স—সবকিছুর জন্য তাকে সম্মান জানাতেই হয়।’
শুধু সতর্কবার্তাই নয়, স্পেনকে আত্মবিশ্বাসী থাকার বার্তাও দিয়েছেন ইনিয়েস্তা। তার মতে, ভয় নয় বরং আত্মবিশ্বাস নিয়েই নামতে হবে ফাইনালে।
‘ভয় নিয়ে কখনোই খেলতে যাওয়া উচিত নয়। খেলোয়াড়দের আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। টুর্নামেন্টজুড়ে স্পেনের পারফরম্যান্স ঊর্ধ্বমুখী ছিল এবং তারা দারুণ আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে যাচ্ছে’ – যোগ করেন ইনিয়েস্তা।
২০১০ সালে একমাত্র বিশ্বকাপ জিতেছিল স্পেন। সেই বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় লা রোজারা। ডাচদের বিপক্ষে অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন ইনিয়েস্ত।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি আন্দ্রেস ইনিয়েস্তা স্পেন ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল দল
sn/sks