সালাহর সঙ্গে ‘২৬ মেসি’, আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ মিসরের

বিশ্ব ফুটবলে লিওনেল মেসিকে ঘিরে প্রতিপক্ষের পরিকল্পনা সাধারণত একটাই-কীভাবে তাকে থামানো যায়। বড় বড় দলও ম্যাচের আগে ‘অ্যান্টি-মেসি’ কৌশল সাজাতে ব্যস্ত থাকে। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সেই চেনা পথ থেকে একেবারেই সরে দাঁড়িয়েছে মিসর। বরং মাঠে নামার আগেই কথার লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের উদ্দেশে ছুড়ে দিয়েছে আত্মবিশ্বাসে ভরা এক বার্তা।

আজ রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। ম্যাচের আগে মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসানের মন্তব্যে জমে উঠেছে মনস্তাত্ত্বিক লড়াইও।

মিসরীয় টেলিভিশন চ্যানেল সাদা আল-বালাদকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম হাসান বলেছেন, ‘আর্জেন্টিনার মেসি আছে সত্য, কিন্তু আমাদের আছে মোহাম্মদ সালাহ। আর সালাহ ছাড়াও আমাদের স্কোয়াডে আরও ২৬ জন মেসি আছে! আশা করি, সৃষ্টিকর্তা আমাদের এই পরিশ্রমের পুরস্কার দেবেন।’

মেসিকে ঘিরে আলাদা কোনো পরিকল্পনা না থাকার কথাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি। ইব্রাহিম হাসান বলেন, ‘আমরা মাঠের ভেতর মেসিকে আলাদা করে দেখছিই না। আমরা আমাদের খেলোয়াড়দের বলেছি, প্রতিপক্ষ কে-সেদিকে না তাকিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে।’

মেসির বিপক্ষে খেলার রোমাঞ্চ নিয়ে করা প্রশ্নেও একই আত্মবিশ্বাস ঝরেছে তার কণ্ঠে। তিনি বলেছেন, ‘মেসির বিপক্ষে খেলা? আমরা এটা নিয়ে ভাবছিই না। আমাদের পুরো মনোযোগ কেবল মিশর দলকে ঘিরে। প্রতিপক্ষ মেসি হোক আর যেই হোক, আমরা প্রতি ম্যাচে যুদ্ধ করতে নামি। আমাদের মোহাম্মদ সালাহ আছেন, পাশাপাশি একঝাঁক শীর্ষ স্তরের লড়াকু ফুটবলার আছেন।’

শেষ বত্রিশে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার প্রতিনিধিরা। শুরু থেকেই শুধু অংশগ্রহণ নয়, টুর্নামেন্টে আরও অনেক দূর যাওয়ার লক্ষ্য নিয়েই খেলছে সালাহর দল। তবে সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের আগে মিসরের শিবির থেকে ভেসে আসা ‘২৬ মেসি’র ঘোষণা কেবল আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ, নাকি আর্জেন্টিনাকে চাপে ফেলার মনস্তাত্ত্বিক কৌশল-তার উত্তর মিলবে মাঠের ৯০ মিনিটের লড়াইয়েই।

আর্জেন্টিনামিসর

সরাসরি, রাত ১০টা

বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *