দ্য ইন্ডিপেন্ডেন্ট: মস্কো রক্ষায় ড্রোন চালক খুঁজতে এবার অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়েছে রাশিয়া। দেশটির সবচেয়ে বড় কর্মসংস্থানবিষয়ক ওয়েবসাইট ‘হেডহান্টার’-এ এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন অনুযায়ী, ‘কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স’ নামক একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য এই নিয়োগ দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করাই এই বাহিনীর প্রধান কাজ।
এতে আরও বলা হয়েছে, ‘নিয়োগপ্রাপ্তরা শহরের পরিবেশ রক্ষায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম নিয়ে কাজ করবেন।’ কাজের বিবরণে ড্রোনের প্রাক-উড্ডয়ন প্রস্তুতি, পরিচালনা, গোয়েন্দা অভিযান এবং দিন-রাতে তথ্য সংগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন

ভিয়েতনাম, শ্রীলঙ্কাসহ ৫ দেশ যেভাবে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হলো

সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিষয়ে ‘লিড ইন্সপেক্টর’ ছদ্মনামের একজন ব্যক্তি লিখেছেন, ‘এটি একটি চমৎকার ও সুসংগঠিত দল। এখানে পদোন্নতির দারুণ সুযোগ এবং ইতিবাচক প্রাতিষ্ঠানিক পরিবেশ রয়েছে। কাজের ক্ষেত্রে নিজের পছন্দ বেছে নেওয়ার এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ আছে। এখানে বেতন পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয়, যার অর্থ হলো নিজের আয় বাড়ানোর সুযোগ রয়েছে।
নিয়োগের এই বিজ্ঞাপনটি কবে দেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়, তবে ১ জুলাই এটি আপডেট করা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, হামলা মোকাবিলায় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হামলা-পাল্টা হামলা
এদিকে গত শুক্রবার রাতে রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কিছু শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সামরিক সক্ষমতা কমিয়ে দিতে কয়েক মাস ধরে দেশটির জ্বালানি অবকাঠামোতে ক্রমাগত হামলা চালাচ্ছে ইউক্রেন। এসব হামলার কারণে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়াজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতেই এসব হামলা চালানো হচ্ছে।
এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ শুক্রবার জানিয়েছে, তারা রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার দুটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। অন্তত সাতটি যুদ্ধবিমান ও ড্রোনের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।
এসবিইউ টেলিগ্রামে জানিয়েছে, ‘হভারদিস্কে’ এবং ‘স্যাকি’ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে স্যাকি ঘাঁটিতে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলা হলো। সংস্থাটি আরও জানিয়েছে, স্যাকি ঘাঁটির যুদ্ধবিমানগুলো ‘ক্ষতিগ্রস্ত বা ধ্বংস’ হয়েছে।
এদিকে এ সপ্তাহেই কিয়েভে রাশিয়ার চালানো সবচেয়ে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
sn/sks