উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে শনিবার দেশের বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী। এ ছাড়া কেন্দ্রে অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ১৭ পরীক্ষার্থীকে।
শনিবার (৪ জুলাই) বিকেলে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিং, আটক ১২
আজ এইচএসসি (সাধারণ) ‘বাংলা দ্বিতীয় পত্র’, আলিমে ‘আরবি প্রথম পত্র’ ও ‘আরবি সাহিত্য’ এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে ‘ইংরেজি-২’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১ হাজার ৬২০টি কেন্দ্রে। এই পরীক্ষায় ৮ লাখ ৮৬ হাজার ৭৬৪ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন।
অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন। এর মধ্যে সাতজনকে অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে। শিক্ষা বোর্ডের হিসাবে বহিষ্কার শিক্ষার্থীদের মধ্যে রয়েছে রাজশাহী বোর্ডের একজন, কুমিল্লার ২, বরিশালের ২, দিনাজপুরের একজন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের একজন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় সাত পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, আলিমের ৪৬০টি কেন্দ্রে ৮৪ হাজার ২৯৩ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ পরীক্ষার্থী। এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় ৩ পরীক্ষার্থী বহিষ্কার ও ২ হাজার ৪৮৬ জন অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এদিন ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ৮৩ হাজার ২৬৩ জন। ২ হাজার ৪৮৬ জন অনুপস্থিত ছিলেন এবং ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
sn/sks