‘১০-এ মাইনাস ১০’—  ‘মেঘ’ নিয়ে আনিসুল হকের কড়া মন্তব্য

বর্ষা ঘিরে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ প্রকাশের আগেই ছিল দর্শক-শ্রোতাদের ব্যাপক প্রত্যাশা। তবে প্রকাশের পর গানটি প্রশংসার চেয়েও তীব্র সমালোচনার মুখেই পড়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার নতুন সুর ও হিপহপধর্মী উপস্থাপনা নিয়ে ইউটিউব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

প্রকাশের ২৪ ঘন্টা পার না হতেই ‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’নিয়ে নেটদুনিয়ায় চলছে ঝড়। গানটি নিয়ে সমালোচনা করেছেন লেখক আনিসুল হক। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেকোনো নিরীক্ষা করা শিল্পীর অধিকার। সমালোচনা করা শ্রোতার অধিকার। ‘সোনার তরী’ কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারত না। আমাদের ছোট নদী এইভাবে গাওয়া যায়, সোনার তরী নয়। কবিতাটা ওরা বোঝেনি। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন। করুণভাবে ফেইল করার জন্য শোক। ১০-এ মাইনাস ১০।

এদিকে, ইউটিউবের মন্তব্যের ঘরে অনেক শ্রোতা তাদের হতাশার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ঠিক জমল না। ‘রুম ঝুম’ পর্যন্ত সবগুলো গানই ভালো ছিল। এটা ফিকে হয়ে গেছে। আরেকজনের মন্তব্য, সব কিছুই পারফেক্ট ছিল, ‘শুধু সোনার তরী’ কবিতাটা না থাকলেই মনে হয় ভালো হতো।’ কেউ আবার লিখেছেন, ‘ঘোড়ার ডিম বানাইছেন ভাই, সেই হইছে। আরেকজনের মন্তব্য, দ্য বেস্ট অখাদ্য এভার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ রসিকতা করে মন্তব্য করছেন, ‘সোনার তরী’ কবিতাটি এবার এইচএসসি পরীক্ষার্থীদের আরো ভালোভাবে মনে থাকবে।

বর্ষা ঋতুকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মেঘ’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমি। গানটির সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। কোক স্টুডিও বাংলার প্রধান সংগীত প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। গানটিতে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক সাউন্ডের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়েছে। গানটির সংগীতায়োজন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার উপস্থাপন নিয়ে ব্যাপক চর্চা চলছে।

স্মরণ দত্তের লেখা একটি গানের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘সোনার তরী’ নতুন সুরে ও হিপহপধর্মী স্টাইলে পরিবেশন করা হয়েছে। আর এই অংশটিই সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে হতাশা ব্যক্ত করেছেন নেটিজেনরা।

কোক স্টুডিও’র চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ এখন সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। গানটি রোববার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রকাশ হয়।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *