বাংলাদেশ মেডিকেলের জন্য ১০৪০ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৬-২৭ অর্থবছরের জন্য পরিচালন ও উন্নয়ন বাবদ ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। তবে এ বাজেটে ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকার ঘাটতি রয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভার ২৯তম বাজেট অধিবেশনে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. নাহরীন আখতার ও পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শরিফুল হাসান রতন বাজেটের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বাজেটের অর্থের উৎস হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৩৬ কোটি টাকা ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাসেবা ও গবেষণাকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। ব্যয় নিয়ন্ত্রণ ও ব্যয় কমানোর নীতি অনুসরণ করে বাস্তবসম্মত এ বাজেট তৈরি করা হয়েছে।

এবারের বাজেটে রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১২ কোটি টাকা। হাইপারটেনশন ও ডায়াবেটিস রোগীদের ওষুধসহ আইসিইউর জরুরি কিছু ওষুধ, স্যালাইন ও অ্যান্টিবায়োটিক বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য এমএসআর খাতে ৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৭ কোটি ৩৩ লাখ টাকা বেশি। ক্যানসার চিকিৎসার উন্নয়নে দুটি নতুন লিনিয়ার এক্সিলারেটর মেশিন কেনা এবং পুরোনো মেশিন সচলের জন্য ৭৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

গবেষণা খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। গবেষণা কার্যক্রমের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ২৮ কোটি ৫ লাখ টাকা রাখা হয়েছে। এছাড়া চিকিৎসাসংক্রান্ত তথ্য ডিজিটাল ব্যবস্থাপনায় আনতে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালুর জন্য ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্য খাতের মধ্যে পূর্ত ও সংরক্ষণে ১৫ কোটি টাকা, প্রশিক্ষণে ২ কোটি ১০ লাখ টাকা, পথ্য খাতে ১৮ কোটি টাকা এবং বৃত্তি ও মেধাবৃত্তিতে ২২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পরিচালন বাজেটের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৩৬৮ কোটি ৩৪ লাখ টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে গবেষণা কেন্দ্র, প্রশাসনিক ভবন, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, স্টেম সেল গবেষণা কেন্দ্র এবং ক্যানসার স্ক্রিনিং কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল ৯৭৬ কোটি টাকা। এর মধ্যে ইতোমধ্যে ৭৮ দশমিক ৯৭ শতাংশ অর্থ ব্যয় হয়েছে। আগামী আগস্টের মধ্যে পুরো বাজেট বাস্তবায়ন হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *