স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো: রুমিন ফারহানা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অন্য মন্ত্রণালয়ের বিষয়ে আগ্রহ ও তৎপরতার সমালোচনা করে নিজের মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য তা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। নতুন বাজেট কতটা বাস্তবায়নযোগ্য, তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। অর্থ ও স্বরাষ্ট্র এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব অনেক বেশি। স্বরাষ্ট্রমন্ত্রী অন্য বিষয় নিয়ে যতটা আগ্রহ ও তৎপরতা দেখান, সেই তৎপরতা যদি নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, আমি সরকারকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করছি। কোনো কাজই নজরের বাইরে থাকে না, একদিন সবকিছুর জবাবদিহি করতে হয়।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *