ঢাকার সিনেমা হলে ‘সুপারগার্ল’

দীর্ঘ চার দশক পর আবারও বড় পর্দায় ফিরল ডিসি কমিকসের জনপ্রিয় নারী সুপারহিরো ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালের পর নতুন আঙ্গিকে নির্মিত এই সিনেমা আজ ২৬ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। একই দিনে বাংলাদেশের দর্শকেরাও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।

নতুন ‘সুপারগার্ল’ পরিচালনা করেছেন ক্রেইগ গিলেস্পি। ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’র মতো আলোচিত কাজের পর এবার তিনি ডিসি ইউনিভার্সের এই নতুন অধ্যায় পর্দায় তুলে এনেছেন।

সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন মিলি অ্যালকক। তাঁর সঙ্গে আরও রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া। ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে তরুণ রেনিরা টারগারিয়েন চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মিলি অ্যালকক এবার প্রথমবারের মতো সুপারগার্ল চরিত্রে অভিনয় করেছেন।

নতুন গল্পে কারা জোর-এল, অর্থাৎ সুপারগার্লকে আগের চেয়ে আরও গভীর ও মানবিকভাবে তুলে ধরা হয়েছে। পৃথিবীতে নয়, ধ্বংসপ্রাপ্ত গ্রহ ক্রিপ্টনের একটি অংশে বেড়ে ওঠা এই চরিত্র শৈশবেই প্রিয়জনদের হারানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে কঠিন বাস্তবের মুখোমুখি হয়। সেই অভিজ্ঞতাই তাকে দৃঢ়, বাস্তববাদী ও ভিন্ন এক সুপারহিরোতে পরিণত করে।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ জনপ্রিয় কমিক চরিত্র লোবোর লাইভ-অ্যাকশন অভিষেক। এই দুর্ধর্ষ মহাকাশ শিকারির ভূমিকায় অভিনয় করেছেন জেসন মোমোয়া। নির্মাতাদের দাবি, কমিকসের মূল চরিত্রের প্রতি বিশ্বস্ত থেকেই লোবোকে বড় পর্দায় তুলে ধরা হয়েছে।

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রাথমিক প্রতিক্রিয়ায় অনেক সমালোচক এর ভিজ্যুয়াল উপস্থাপনা ও নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। কেউ কেউ সিনেমাটির আবহ ও উপস্থাপনাকে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এবং ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র সঙ্গে তুলনা করেছেন।

ডিসি স্টুডিওসের নতুন সিনেমাটিক ইউনিভার্স গঠনের পরিকল্পনায় ‘সুপারগার্ল’কে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। নির্মাতাদের আশা, এই সিনেমার মাধ্যমে ভবিষ্যতের ডিসি ইউনিভার্সে সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লও কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রতিষ্ঠা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *