বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় নিজের ঘর থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে।
নিহত ছাত্রী হলো নাদিয়া ইসলাম (১১)। সে উপজেলার সাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ সাতলা গ্রামের আলী আকবর সিকদারের মেয়ে এবং সাতলা বিকন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার দাবি করে, মঙ্গলবার রাতে নাদিয়ার সঙ্গে তার মায়ের খাবার নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। এরপর সে মায়ের সঙ্গে অভিমান করে রাত পৌনে ১২টার দিকে বসতঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহত নাদিয়ার বাবা আলী আকবর সিকদার বলেন, আমি ঢাকায় মাছের ব্যবসা করি। আমার স্ত্রী লামিয়া বেগম ও আমার মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করে। লামিয়া বেগম শাকসবজি রান্না করে, কিন্তু তা খাওয়া নিয়ে নাদিয়ার সঙ্গে রাগারাগি হয় এবং তাকে ভালোভাবে লেখাপড়া করতে বলা হয়। এরপর নাদিয়া অভিমান করে জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এরপর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি পুলিশকে জানায়। পরে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।