অনূর্ধ্ব-১৯ দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজমেন্টে পরিবর্তন এনেছে বিসিবি। আজ সোমবার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে কোচিং প্যানেলের নাম প্রকাশ করেছে বিসিবি।
২০২৮ যুব বিশ্বকাপ মাথায় রেখে সাজানো হয়েছে প্যানেল। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকারকে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ করা হয়েছে।
দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। শুধু অনূর্ধ্ব-১৯ দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের মেন্টর হিসেবেও ভূমিকা রাখবেন মাহমুদউল্লাহ।
জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েসকে কোচিং প্যানেলে রাখা হয়েছে। তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।
যুব দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সেলিম। পেস বোলিং কোচ হিসেবে ডলার মাহমুদ, স্পিন বোলিং কোচ আরশাদ খান। ট্রেনার হিসেবে নতুন করে দেখা যাবে মোরশেদ সিজারকে।
প্রধান কোচের দায়িত্ব পেয়ে হান্নান সরকার বলেন, ‘স্বপ্ন তো অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচ ছিলাম। ৯ বছর পর সিলেকশনে আসা। এরপর বোর্ড যখন দেশিদের প্রমোট করছে, সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা।’
২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে বর্তমানে ৪৫ জনকে নিয়ে চলছে যুব টাইগারদের ট্রেনিং সেশন।