ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৩

ভারতের উত্তরপ্রদেশের উত্তর-পশ্চিম লখনৌয়ে আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২২ জুন) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটি জানায়, আগুন লাগার পর বেশ কয়েকজন ভবনে আটকা পড়েন এবং কয়েকজন শিক্ষার্থী প্রথম তলা থেকে লাফ দেন। আগুন এক ঘণ্টারও বেশি সময় পর নেভানো সম্ভব হয়। ঘটনাস্থল থেকে অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাণিজ্যিক এলাকায় অবস্থিত ভবনটিতে কোচিং সেন্টার ছাড়াও একটি পোষা প্রাণীর দোকান এবং অন্যান্য দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম তলায় অবস্থিত কোচিং সেন্টারটি থেকে বেশ কয়েকজন লাফিয়ে পড়ে।

দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকার্য তদারকি করতে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা এনডিটিভিকে জানান, শিক্ষার্থীসহ বেশ কয়েকজন ভবনটির ভেতরে আটকা পড়েছে। তবে কতজন আটকা পড়েছেন, তা সরকারিভাবে এখনও নিশ্চিত করা হয়নি।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন লাগার পর পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী ঝাঁপ দিয়েছে। তাদের মধ্যে একজনের হাড় ভেঙে গেছে। 

শোক প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করতে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *