প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে ঘিরে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে তাকে বাশারের স্ত্রী হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ববি বলেন, বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও চটকদার সংবাদ প্রকাশ করা হচ্ছে। কোথাও তাকে ‘কথিত স্ত্রী’, আবার কোথাও সরাসরি ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
অভিনেত্রীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তিনি লেখেন, ভিউ বাড়ানো এবং তাকে হেয় করতেই একটি মহল এমন তথ্য ছড়াচ্ছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি তার আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ববি আরও জানান, যারা ভুয়া তথ্য প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, যদি তিনি কখনও বিয়ে করে থাকেন, তাহলে সেটি নিজেই সবার সামনে প্রকাশ করবেন।
এর আগে শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, চাকরির প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা হয়। এরপর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে তিনি বাসার ভেতরে সুড়ঙ্গসদৃশ একটি গোপন স্থানে লুকিয়ে ছিলেন। প্রায় ১৮ ঘণ্টার অভিযানের পর শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ইয়ামিন হক ববিকে সর্বশেষ দেখা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ সিনেমায়। সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান।