প্রথমার্ধেই স্পেনের গোলঝড়, সৌদি আরবের বিপক্ষে বড় লিড

২০২৬ বিশ্বকাপের ‘এইচ’গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দাপুটে প্রথমার্ধ কাটিয়েছে স্পেন। প্রথমার্ধ বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে লা রোহা। যেখানে গোল করেছেন লামিন ইয়ামাল এবং মিকেল ওয়ারজাবাল।

ম্যাচের ১৩তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। সৌদি আরবের গোলকিক থেকে বল দখল করে দ্রুত আক্রমণে ওঠে স্পেন। বক্সের বাঁ দিক থেকে মিকেল ওয়ারজাবালের বাড়ানো বল দূরের পোস্টে স্লাইড করে জালে জড়িয়ে দেন বার্সেলোনার এই তরুণ তারকা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ মঞ্চে নিজের প্রথম গোলের স্বাদ পান ইয়ামাল।

প্রথমার্ধের শেষভাগে ব্যবধান আরও বাড়ায় স্পেন। মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ওয়ারজাবাল। ডান প্রান্ত থেকে আসা আক্রমণে প্রথমে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

এরপর আরেকটি আক্রমণে ডান পোস্টের কাছে সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড। সৌদি আরবের রক্ষণ ও গোলরক্ষক তখন কার্যত অসহায়।

প্রথম ৪৫ মিনিটে বলের দখল, আক্রমণ এবং সুযোগ সৃষ্টিতে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে স্পেন। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে কেন তাদের ধরা হচ্ছে, তার প্রমাণই যেন মিলেছে এই প্রথমার্ধে। অন্যদিকে, ‘গ্রিন ফ্যালকনস’দের জন্য ম্যাচটি ক্রমেই কঠিন হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *