ওয়ানডে সিরিজের দারুণ সাফল্য উজ্জীবিত করেছিল বাংলাদেশ দলকে। অস্ট্রেলিয়াকে সিরিজ হারানো সহজ কথা নয়। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে ঢাকা থেকে চট্টগ্রামে যায় দল। মিশন ছিল টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু, সেখানে মুদ্রার উল্টো পিঠ দেখেছে স্বাগতিকরা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তারচেয়ে বড় ব্যাপার, দ্বিতীয় টি-টোয়েন্টি বাদে লড়াই জমাতে পারেনি। আজ রোববার (২১ জুন) শেষ ম্যাচে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। অসিরা জয় তুলে নিয়েছে ৯ ওভার ও ৭ উইকেট হাতে রেখে।
ম্যাচে ব্যাট হাতে এক তাওহিদ হৃদয় ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। লিটন দাসের অনুপস্থিতিতে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা হৃদয় ম্যাচের পর অকপটে স্বীকার করেছেন ব্যাটিং ব্যর্থতার কথা। তার কাছে এটিই হারের বড় কারণ।
কোথায় ভুল হয়েছিল, সেই প্রসঙ্গে হৃদয় বলেন, ‘শুরুতে আমরা কয়েকটি উইকেট হারিয়েছিলাম। উইকেট হারাতে থাকলে রান করা কঠিন হয়ে যায়। আমি আমার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। খুব কঠিন কিছু না, উইকেট ভালো ছিল, কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। আমাদের জুটি দরকার ছিল। জুটি গড়তে পারলে আমরা ১৭০-১৮০ রান পর্যন্ত পৌঁছে যেতে পারতাম।’
ব্যাটিংয়ে লজ্জার হাত থেকে বাংলাদেশকে বাঁচান ভারপ্রাপ্ত অধিনায়ক হৃদয়। ৫১ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন হৃদয়। ১৪ বলে ১৬ রান করে তাকে খানিকটা সঙ্গ দেন রিশাদ হোসেন।