বাবা ও সন্তানের সম্পর্ক, ভালোবাসা, ত্যাগ এবং অভিমানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘বাবার ডায়রি’। বাবা দিবস উপলক্ষে নির্মিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘আজিজুল হাকিম’।
নাটকটিতে একজন স্নেহময়, দায়িত্বশীল ও আত্মত্যাগী বাবার চরিত্রে দেখা যাবে আজিজুল হাকিমকে। সন্তানের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য জীবনের সবকিছু উৎসর্গ করলেও শেষ বয়সে তাকে অবহেলা ও মানসিক কষ্টের মুখোমুখি হতে হয়। নিজের না বলা অনুভূতি, স্বপ্ন, কষ্ট ও ভালোবাসার কথা তিনি লিখে রাখেন একটি ডায়েরির পাতায়।
গল্পে দেখা যায়, ছেলে ‘আরমান’ কর্মব্যস্ততা ও নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতে থাকতে ধীরে ধীরে বাবার কাছ থেকে দূরে সরে যায়। একসময় অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন ‘আনিস সাহেব’। এরপর ঘটে একাধিক হৃদয়স্পর্শী ঘটনা, যা বদলে দেয় ছেলের জীবনের দৃষ্টিভঙ্গি।
বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া ‘ডায়েরি’ হাতে পায় আরমান। ডায়েরির পাতায় পাতায় লুকিয়ে থাকা বাবার ত্যাগ, মমতা, কষ্ট ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প তাকে গভীরভাবে নাড়া দেয়। কিন্তু তখন বাবার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ আর অবশিষ্ট থাকে না। এই উপলব্ধিই নাটকের মূল আবেগকে আরও গভীর করে তুলেছে।
নাটকটির প্রযোজনা করেছেন ‘মো. নাজমুল হক’। রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ‘সম্রাট চৌধুরী’। চিত্রগ্রহণ করেছেন ‘আরিফুল ইসলাম’, সম্পাদনা করেছেন ‘সম্রাট আজাদ’ এবং সংগীত ও আবহ নির্মাণ করেছেন ‘শাহরিয়ার রাফাত’।
নাটকটি সম্পর্কে পরিচালক সম্রাট চৌধুরী বলেন, বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব, ভালোবাসা ও সম্মানের বার্তা তুলে ধরাই এই নাটকের মূল উদ্দেশ্য। বাবা দিবস উপলক্ষে নির্মিত এই গল্প দর্শকদের আবেগতাড়িত করবে বলেও তিনি আশাবাদী।
আজিজুল হাকিমের পাশাপাশি নাটকে আরও অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ এবং তমাল মাহবুবসহ আরও অনেকে।
বাবা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যা থেকে নাটকটি দর্শকরা দেখতে পারবেন সিনেপ্লাস স্টুডিওর ইউটিউব চ্যানেলে। পরিবারের প্রতি দায়িত্ববোধ, ভালোবাসা এবং সম্পর্কের গুরুত্ব তুলে ধরা এই নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএন/কে